
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে দেশটির কার্যকর কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই। ফলে ‘খুব সহজেই’ দখল করা সম্ভব।
রোববার ফিন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে খারগ দ্বীপে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, 'আমি মনে করি না সেখানে তাদের কোনো প্রতিরক্ষা আছে। আমরা এটা খুব সহজেই নিতে পারতাম।'
তিনি আরও বলেন, ইরানের জ্বালানি সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি তার কাছে আকর্ষণীয়। তবে এ নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেই ভিন্নমত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ট্রাম্প বলেন, 'হয়তো আমরা খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নেব, কিংবা নেব না—আমাদের হাতে অনেকগুলো বিকল্প আছে।' একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, প্রয়োজন হলে সেখানে কিছু সময় অবস্থান করতেও হতে পারে।
ইরানের পশ্চিম উপকূলের কাছে অবস্থিত খারগ দ্বীপ দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত।
আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন দ্বীপটিকে সম্ভাব্য সামরিক অভিযানের লক্ষ্য হিসেবে বিবেচনায় রেখেছে। তবে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, পূর্ণাঙ্গ হামলার মতো কোনো পরিকল্পনা বর্তমানে নেই।

