
নওগাঁর বদলগাছী উপজেলায় জমিতে পটলের আবাদ করতে গিয়ে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার হয়েছে। রোববার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার আদায়পুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের পূর্ব পাশের একটি মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেউলিয়া গ্রামের বাসিন্দা আনসার চৌধুরী (৭০) এর জমি লিজ নিয়ে একই গ্রামের জয়দুল (৪২) পটলের আবাদ শুরু করেন। সকালে খুঁটি বসানোর জন্য জমিতে প্রায় এক ফুট গভীর গর্ত খোঁড়ার সময় নিচে শক্ত কিছু অনুভব করেন তিনি। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে আরও মাটি খুঁড়ে দেখা যায়, সেখানে বিপুল পরিমাণ গুলি মজুদ রয়েছে।
খবর পেয়ে বদলগাছী থানার ইন্সপেক্টর (তদন্ত) নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে ৩২৫ পিস থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করে জব্দ করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া গুলিগুলো অনেক পুরোনো এবং এগুলো থেকে তাৎক্ষণিক কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঘটনার উৎস ও কীভাবে এসব গুলি সেখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ইএফ/

