উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি প্রদান

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৯ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ণ
রাজশাহীতে বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি প্রদান

রাজশাহীতে শিশুমৃত্যু রোধ, সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং অতি সংক্রামক রোগ ‘হাম’ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ রোববার বেলা ১২টায় বরেন্দ্র অঞ্চলের যুব ও উন্নয়নধর্মী স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম-এর পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাজশাহীর সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম বরাবর পৃথকভাবে দেওয়া হয়। সিভিল সার্জনের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোসা. মাহবুবা খাতুন।

স্মারকলিপির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় কমিশনার, পরিচালক (স্বাস্থ্য), রাজশাহী, জেলা প্রশাসক এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এর পরিচালক বরাবর প্রেরণ করা হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার হলেও সহজলভ্য ও মানসম্মত সেবার অভাবে প্রতিনিয়ত মানুষ মৃত্যুর মুখে পতিত হচ্ছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে পরিস্থিতি আরও উদ্বেগজনক। আইসিইউ সেবার অপ্রতুলতার কারণে গত ১১ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত ১১ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউয়ের অপেক্ষায় থাকা ৩৩ শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়।

এতে আরও বলা হয়, রাজশাহীতে হামের সংক্রমণ বাড়ছে, যা অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এর জটিলতায় নিউমোনিয়া, ডায়রিয়া, চোখ ও মস্তিষ্কে প্রদাহসহ বিভিন্ন জটিলতা দেখা দেয়, যা শিশুদের মৃত্যুঝুঁকি বাড়ায়। এ অবস্থায় শিশুদের জন্য পর্যাপ্ত আইসিইউ সেবা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।

অন্যদিকে, রাজশাহী নগরীর টিবি পুকুর এলাকায় প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতালটি দীর্ঘদিন ধরে চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। ২০১৬ সালে নির্মাণকাজ শুরু হয়ে ২০২৩ সালের জুনে শেষ হলেও অজ্ঞাত কারণে এখনো চিকিৎসা কার্যক্রম শুরু হয়নি বলে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন ২০২৫ সালে একটি প্রতিবেদন দিয়ে ৪০০-র বেশি সুপারিশ করেছে, যার মধ্যে ৩৩টি জরুরি বাস্তবায়নের জন্য চিহ্নিত। এসব সুপারিশ দ্রুত বাস্তবায়নেরও দাবি জানানো হয়েছে।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—রাজশাহীর ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল দ্রুত চালু করা; হামসহ সংক্রামক রোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া; রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা; চিকিৎসাসেবার মান উন্নয়ন ও আইসিইউ সুবিধা সম্প্রসারণ; এবং একটি স্বাধীন ও স্থায়ী স্বাস্থ্য কমিশন গঠন করে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী, সংগঠনের সভাপতি মো. আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক পলি রানী, পরিবেশ ও জলবায়ু সম্পাদক তামিম তুলি, সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হান, আমার বাংলা তরুণ সংঘের সাধারণ সম্পাদক তাহমীদ জাকি এবং নারী নেত্রী তহুরা খাতুন লিলি প্রমুখ।

 

Read more — উত্তরাঞ্চল
Home