
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সীমান্ত এলাকায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং পাচার প্রতিরোধে জোর তৎপরতা চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন সংলগ্ন যমুনা অয়েল কোম্পানি লিমিটেড-এর সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার।
তিনি বলেন, গত ২৫ মার্চ থেকে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং যমুনা অয়েলের ডিপোগুলোতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এসব সদস্য সার্বক্ষণিক টহল ও তদারকির মাধ্যমে জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে কাজ করছেন।
তিনি আরও জানান, রাজশাহী জেলার তিনটি ডিপো থেকে মোট ৬৪টি ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ করা হয়, যার মধ্যে ১২টি সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এসব এলাকায় বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।
রিয়াজ শাহরিয়ার বলেন, এখন পর্যন্ত ১৯২টি টহল, ২৮৮টি ভ্রাম্যমাণ চেকপোস্ট পরিচালনা এবং প্রায় ২,৫০০টি যানবাহনে তল্লাশি চালানো হয়েছে। পাশাপাশি নৌপথে ৪৮টি টহল পরিচালনার মাধ্যমে জ্বালানি পাচার প্রতিরোধে কার্যক্রম জোরদার করা হয়েছে।
এসময় সীমান্ত এলাকায় জ্বালানি সংক্রান্ত কোনো সন্দেহজনক কার্যক্রম দেখা গেলে দ্রুত বিজিবিকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

