উত্তরা প্রতিদিন
ঢাকা

ঘোড়াঘাটে যুবককে জিম্মি করে ৩টি গরু লুট

উত্তরা প্রতিদিন ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিবেদক ২৮ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ণ
ঘোড়াঘাটে যুবককে জিম্মি করে ৩টি গরু লুট
সংগৃহীত

 

 

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গভীর রাতে এক যুবকের গলায় দেশীয় অস্ত্র (হাসুয়া) ধরে গোয়াল ঘর থেকে তিনটি গরু নিয়ে গেছে ডাকাত দল।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর (পশ্চিমপাড়া) এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে ফজলু মিয়া (৪৫)।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে ৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ফজলু মিয়ার বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা গোয়াল ঘর থেকে গরু বের করার সময় ফজলু মিয়া টের পেয়ে জেগে ওঠেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাত দলের এক সদস্য তার গলায় ধারালো হাসুয়া ধরে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

অস্ত্রের মুখে ফজলু মিয়াকে নিথর করে রেখে ডাকাতরা গোয়াল ঘর থেকে তিনটি গরু বের করে আনে। এরপর বাড়ির বাইরে অপেক্ষমাণ একটি পিকআপ ভ্যানে গরুগুলো তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ডাকাত দল চলে যাওয়ার পর ফজলু মিয়ার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলেও ততক্ষণে ডাকাতরা পালিয়ে যায়।

এই ঘটনার পর থেকে ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

ইএফ/

Read more — উত্তরাঞ্চল
Home