
রাজশাহীতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশ সদস্য হত্যাসহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আজ শুক্রবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য।
তিনি উল্লেখ করেন, বিনিয়োগ আকর্ষণ করতে হলে আইনশৃঙ্খলা রক্ষা অত্যন্ত জরুরি, আর এ ক্ষেত্রে পুলিশের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, '৫ আগস্টের পর পুলিশের মনোবল শূন্যের কোটায় নেমে গিয়েছিল। এখন জনআস্থা পুনরুদ্ধার এবং আইনশৃঙ্খলা উন্নয়নে কাজ চলছে।'
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'এবার ইতিহাসে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে।'
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে আইজিপি বলেন, দেশে মাদকের বিস্তার উদ্বেগজনক এবং এর বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. জিল্লুর রহমান।

