
জাপানের বৃহত্তম দ্বীপ হনশু-তে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির পূর্ব উপকূলসংলগ্ন এ অঞ্চলে বৃহস্পতিবার রাতে কম্পনটি আঘাত হানে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। তুলনামূলকভাবে অগভীর হওয়ায় কম্পনটি বেশ তীব্রভাবে অনুভূত হয়। এর আগের দিন বুধবার একই এলাকায় ৪ দশমিক ২ মাত্রার একটি মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল, যার কেন্দ্রস্থল ছিল প্রায় ২০ কিলোমিটার গভীরে।
তবে সর্বশেষ শক্তিশালী ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানা গেছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, জাপান রিং অব ফায়ার অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটি ভূমিকম্পপ্রবণ। এ অঞ্চলে প্যাসিফিক প্লেট এবং ফিলিপাইন সি প্লেট-এর সংযোগস্থলে নিয়মিত ভূকম্পন সৃষ্টি হয়, যা জাপানের জন্য একটি স্থায়ী প্রাকৃতিক ঝুঁকি হিসেবে বিবেচিত।

