উত্তরা প্রতিদিন
ঢাকা

ট্রাম্পের চীন সফরের সময়সূচি চূড়ান্ত

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ২৬ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ণ
ট্রাম্পের চীন সফরের সময়সূচি চূড়ান্ত

ইরান-ইসরায়েল যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চীন সফর অবশেষে চূড়ান্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৪ ও ১৫ মে তিনি বেইজিং সফরে যাবেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন।

জানা যায়, গত ১০ বছরের মধ্যে এটিই হবে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর।

বুধবার (২৬ মার্চ) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই সফরের কথা নিশ্চিত করেন।

তিনি জানান, বেইজিং সফরের পাশাপাশি চলতি বছরের শেষ নাগাদ ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট শি জিনপিংকে আতিথ্য দেওয়ার প্রস্তুতিও চূড়ান্ত করা হচ্ছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে এই তারিখগুলো নিশ্চিত করেছেন।

সফরটি মূলত গত ৩১ মার্চ হওয়ার কথা ছিল। কিন্তু গত মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরু হওয়া এবং ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর উদ্ভূত পরিস্থিতিতে ট্রাম্প তার সফর পিছিয়ে দেন।

ক্যারোলিন লেভিট জানান, যুদ্ধের এই সংকটময় সময়ে প্রেসিডেন্টের দেশে থাকা জরুরি ছিল এবং শি জিনপিং মার্কিন অনুরোধটি গুরুত্বের সাথে বিবেচনা করে সফর পেছানোর বিষয়টি মেনে নিয়েছেন।

ইরান ও ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধের প্রভাবে বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেল ও প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে।

ট্রাম্প প্রশাসন আশা করছে, আগামী ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা শেষ হবে, যা তার মে মাসের সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে।

 

Read more — আন্তর্জাতিক
Home