উত্তরা প্রতিদিন
ঢাকা

পাকিস্তানের অনুরোধে দুই শীর্ষ কর্মকর্তাকে ‘হিট-লিস্ট’ থেকে সরাল ইসরায়েল

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ২৬ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ণ
পাকিস্তানের অনুরোধে দুই শীর্ষ কর্মকর্তাকে ‘হিট-লিস্ট’ থেকে সরাল ইসরায়েল

যুদ্ধবিরতির বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান যখন বিপরীতমুখী বক্তব্য দিচ্ছে, তখন আলোচনায় জায়গা করে নিয়েছে পাকিস্তান। দেশটির এক কর্মকর্তার দাবি, আলোচনায় বসতে পারেন সম্ভাব্য এমন দুই ব্যক্তিকে লক্ষ্যবস্তু না বানাতে অনুরোধ করেছিলেন তারা।

 

বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই ব্যক্তি হলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

 

 

পাকিস্তানের একটি সূত্র বার্তা সংস্থাটিকে জানিয়েছে, আরাগচি ও গালিবাফকে ‘হিট-লিস্টে’ রেখেছিল ইসরায়েল। তাদের লক্ষ্যবস্তু না বানাতে ওয়াশিংটনের মাধ্যমে অনুরোধ করেছিল ইসলামাবাদ। এরপর তেল আবিব ওই দুজনকে ‘হিট-লিস্ট’ থেকে বাদ দিয়েছে।

 

আলোচনা সম্পর্কে অবগত ওই সূত্রটি জানায়, ইসরায়েলিদের কাছে তাদের (আরাগচি ও গালিবাফ) অবস্থানের সুনির্দিষ্ট তথ্য ছিল। অনুরোধের সময় যুক্তরাষ্ট্রকে বলা হয়, এই দুজনকে হত্যা করা হলে আলোচনা করার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না।

 

ইসলামাবাদে অবস্থিত ইরানি দূতাবাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানে আলোচনার বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। তেহরানের কাছে এটি পছন্দের স্থান। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

 

ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানি নেতারা আলোচনা করছেন এবং তারা একটি চুক্তিতে পৌঁছানোর জন্য মরিয়া। কিন্তু তারা এটি প্রকাশ্যে বলতে ভয় পাচ্ছেন। কারণ তারা তাদের নিজেদের জনগণের হাতে নিহত হওয়ার শঙ্কায় আছেন। যুক্তরাষ্ট্রের হাতে নিহত হওয়ারও ভয় পাচ্ছেন।

 

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। ইরানের ঠিক কার সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করছে ট্রাম্প তা স্পষ্ট করেননি।

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,‘আমাদের বন্ধুপ্রতিম দেশগুলোর মাধ্যমে বার্তা আসা এবং আমাদের পক্ষ থেকে নিজেদের অবস্থান জানানো বা প্রয়োজনীয় সতর্কতা জারি করাকে আলোচনা বা সংলাপ বলা যায় না।’

 

আরাগচি জানিয়েছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব পর্যালোচনা করছে ঠিকই, কিন্তু সংঘাত নিরসনে কোনো আলোচনায় বসার পরিকল্পনা তাদের নেই।

Read more — আন্তর্জাতিক
Home