উত্তরা প্রতিদিন
ঢাকা

সিটি করপোরেশনে কোনো রাজনৈতিক পরিচয় নেই: রাসিক প্রশাসক

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ণ
সিটি করপোরেশনে কোনো রাজনৈতিক পরিচয় নেই: রাসিক প্রশাসক

সিটি করপোরেশনে কারো কোনো রাজনৈতিক পরিচয় নেই বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

আজ মঙ্গলবার সকালে নগর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় এবং বিভিন্ন বিভাগ ও শাখার কার্যক্রম পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি।

মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টার আগেই অফিসে যান। তিনি দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপনারাও সকলে যথাসময়ে অফিস আসবেন। সবাই আন্তরিকতার সাথে নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করবেন।

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে রাসিক প্রশাসক বলেন, সিটি করপোরেশন নাগরিক সেবার প্রতিষ্ঠান। এখানে কারো কোনো রাজনৈতিক পরিচয় নেই। আপনারা সবাই রাষ্ট্রের কর্মচারী। আমি সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। আমরা রাজশাহীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এসময় সকলের সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।

পরিদর্শনকালে রাসিক প্রশাসক নাগরিক সেবা সুনিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, নির্বিঘ্নে নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। কারো কারণে নাগরিক সেবার বিঘ্ন ঘটলে, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, মঙ্গলবার সকাল ৮ টায় ৪৫ মিনিটে রাসিক ভবনে আসেন প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এরপর তিনি কর্মকর্তাদের সাথে নিয়ে ভবনের ১ম তলা থেকে ১০ তলা পর্যন্ত প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তর, সচিব দপ্তর, প্রধান প্রকৌশলীর দপ্তর, সচিবালয় বিভাগ, হিসাব বিভাগ, রাজস্ব বিভাগ, প্রকৌশল বিভাগ, স্বাস্থ্য বিভাগ, পরিচ্ছন্ন বিভাগ ও বিভিন্ন শাখার কার্যক্রম ঘুরে দেখেন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Read more — উত্তরাঞ্চল
Home