উত্তরা প্রতিদিন
ঢাকা

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

উত্তরা প্রতিদিন নাটোর প্রতিবেদক ২২ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ণ
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাটোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) সকাল এবং শনিবার রাতে নাটোর সদর ও বড়াইগ্রাম উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার গড়মাটিয়া এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক জুলফিকার আলী নিহত হন। দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

নিহত জুলফিকার আলী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া এলাকার আনছার হকের ছেলে।

নাটোর বনপাড়া ফায়ার সার্ভিসের লিডার রফিকুল আলম জানান, পাবনা থেকে নাটোরগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৩৯-৪৯৭৯) নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের সদর উপজেলার একডালা শান্তি ফিলিং স্টেশনের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাসান আল মাহমুদ (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন এবং রাব্বীসহ আরও দুইজন আহত হন।

নিহত হাসান আল মাহমুদ নাটোর সদর উপজেলার নারানপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান জানান, দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসান আল মাহমুদকে মৃত ঘোষণা করেন। আহত রাব্বীসহ অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Read more — উত্তরাঞ্চল
Home