উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীর বানেশ্বরে সংস্কারের নামে রাস্তা বন্ধ, ঈদযাত্রায় ভোগান্তি

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৯ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ণ
রাজশাহীর বানেশ্বরে সংস্কারের নামে রাস্তা বন্ধ, ঈদযাত্রায় ভোগান্তি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা মহাসড়কের বানেশ্বর এলাকায় সংস্কার কাজ শুরু করেছিল সড়ক ও জনপথ বিভাগ। গুরুত্বপূর্ণ এই মহাসড়কের কাজ শেষ না করেই অর্ধাংশ বন্ধ করে রাখা হয়েছে। রমজান মাসে শুরু হওয়া এই কাজ ঈদের আগ মুহূর্তে বন্ধ করে দেওয়ায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট, যা ঘরমুখী লাখো মানুষের ঈদযাত্রাকে বিষিয়ে তুলছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বানেশ্বর ট্রাফিক মোড় থেকে এক কিলোমিটার এলাকা প্রায় দেড় বছর ধরে খানাখন্দে ভরা ছিল। সারা বছর সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া না হলেও ঠিক ঈদের আগে যখন সড়কে যানবাহনের চাপ সবচেয়ে বেশি, তখনই শুরু হয়েছে আরসিসি ঢালাইয়ের কাজ। রাস্তার একপাশ ব্লক করে রাখায় সরু অংশ দিয়ে দুই মুখী যানবাহন চলাচল করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকছে।

বানেশ্বরের বাসিন্দা আফজাল হোসেন ও রুবেল আলম জানান, সারা বছর বড় বড় গর্ত নিয়ে রাস্তাটি পড়ে ছিল। কাজটা ঈদের দুই মাস আগে বা এক সপ্তাহ পরে করলেও হতো। এখন জনভোগান্তির সময়ে কাজ শুরু করে আবার তা বন্ধ রাখা হয়েছে। এতে দুর্ঘটনা বাড়ছে এবং মানুষ বাজারে পর্যন্ত আসতে পারছে না।

স্থানীয় চিকিৎসক আব্দুর রাকিব বলেন, ‘শনি ও মঙ্গলবার হাটবার হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। এক কিলোমিটার রাস্তা পার হতে মানুষকে অসহায় অবস্থায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। প্রশাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল।’

পুঠিয়া থানা ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, ‘রাস্তার অর্ধেক বন্ধ থাকায় যানজট সামলানো কঠিন হয়ে পড়েছে। তবে আমরা গাড়ি দাঁড়াতে দিচ্ছি না। মানুষের ঈদযাত্রা সহজ করতে পুলিশ সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে।’

সড়ক ও জনপথ বিভাগের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আব্দুল্লাহ আল মামুন স্বীকার করেন যে, কাজটি আরও আগে শুরু করা গেলে ঈদযাত্রার আগেই শেষ করা সম্ভব হতো। তিনি বলেন, ‘টেন্ডার প্রক্রিয়ার নানা আইনি বিধিনিষেধ ও ধাপ অনুসরণ করতে গিয়ে কাজ শুরু করতে বিলম্ব হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনায় বর্তমানে কাজ বন্ধ রাখা হয়েছে। আশা করি, সার্ভিস রোড দিয়ে যাতায়াত করে মানুষ ঘরে ফিরতে পারবে।’

তবে ঘরমুখী যাত্রীদের দাবি, নামমাত্র সার্ভিস রোডে এই বিশাল যানবাহনের চাপ সামলানো সম্ভব নয়। সড়ক ও জনপথ বিভাগের এই সমন্বয়হীনতা ও দূরদর্শিতার অভাবেই আনন্দময় ঈদযাত্রা এখন যন্ত্রণায় পরিণত হয়েছে।

Read more — উত্তরাঞ্চল
Home