উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে মশা নিয়ন্ত্রণে ১৫ দিনের ক্র্যাশ প্রোগ্রাম শুরু

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৮ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ণ
রাজশাহীতে মশা নিয়ন্ত্রণে ১৫ দিনের ক্র্যাশ প্রোগ্রাম শুরু

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে মহানগরজুড়ে মশা নিয়ন্ত্রণে ১৫ দিনের বিশেষ ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১২টায় নগরীর পদ্মা আবাসিক এলাকার নর্দমায় ফগার মেশিনের মাধ্যমে স্প্রে কার্যক্রম উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় প্রতিদিন পাঁচটি করে ওয়ার্ডে সকাল সাড়ে ৬টা থেকে ফগার স্প্রে করা হবে। দিনে একবেলা দুই সাইকেলে মোট ১০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালিত হবে।

উদ্বোধনকালে প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের নেওয়া পরিকল্পনা বাস্তবায়নে তিনি দায়িত্ব পালন করছেন এবং নগরীর সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন। রাজশাহীকে আরও আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় ফগার স্প্রে কার্যক্রম চালু হলো, যা ১৫ দিনব্যাপী চলবে। পবিত্র রমজান মাসে সকালে একবেলা এই কার্যক্রম পরিচালিত হবে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। এছাড়া বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এড়াতে দ্রুত ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করা হবে।

অনুষ্ঠানে রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, পরিচ্ছন্ন কর্মকর্তা (মশক) জুবায়ের হোসেন মুনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Read more — উত্তরাঞ্চল
Home