
রাজশাহী কলেজ ইংরেজি বিভাগের এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) নগরীর একটি স্বনামধন্য রেস্টুরেন্টে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও রাজশাহী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. মতলেবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সিনিয়র অধ্যাপক শিফন হাবিব। অনুষ্ঠানের মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ নাফিস।
ইফতার ও দোয়া মাহফিলে ইংরেজি বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে এক প্রাণবন্ত মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভাগের অতীত-বর্তমান নানা স্মৃতিচারণায় মেতে ওঠেন।
বর্তমান শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. মোশাররফ হোসেন ফিরোজ এবং মো. লিটন শেখ। তারা এলামনাই অ্যাসোসিয়েশনের এমন আয়োজনকে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং রাজশাহী কলেজ ইংরেজি বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ ধরনের সৌহার্দ্যপূর্ণ ও অংশগ্রহণমূলক আয়োজন অব্যাহত থাকবে।
ইএফ/

