
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুঃস্থ ও অতিদরিদ্র মানুষের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় রাজশাহীর দুর্গাপুরে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় ইউনিয়নের অসচ্ছল পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা নাহিদ ইসলাম জানান, চলতি বছর জয়নগর ইউনিয়নের ৮৩৪টি দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
জনপ্রতিনিধিরা জানান, ঈদকে সামনে রেখে দরিদ্র মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই সরকারের এ সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার মেহেদী হাসান, ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুব রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, উপজেলা মহিলা দলের সভানেত্রী রুপালি খাতুন, মহিলা ইউপি সদস্য ববিতা বেগম, রিফা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ইএফ/

