
নওগাঁর নিয়ামতপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা, হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (৮১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার সোয়া ১টার দিকে রাজশাহী হার্ট ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার হাজিনগর ইউনিয়নের কুন্তইল গ্রামের মরহুম আব্দুস সামাদের বড় ছেলে। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। এক ছেলে কানাডা এবং এক মেয়ে অষ্ট্রেলিয়াতে বসবাস করেন।
পরে গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় গ্রামের মাঠে গার্ড অব অনার প্রদান করে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মুর্শিদা খাতুন গার্ড অব অনার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুস সাত্তার দেশের জন্য যুদ্ধ করেছেন। মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছেন। এছড়া তিনি হাজিনগর ইউনিয়নে দুইবারের চেয়ারম্যান ছিলেন। আপনারা নিজ দায়িত্বে তাঁর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মুর্শিদা খাতুন, বীর মুক্তিযোদ্ধা সুবাস কান্ত সরকার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সদস্য সাহান সা, বীর মুক্তিযোদ্ধা নূরূল ইসলাম প্রমুখ।
ইএফ/

