উত্তরা প্রতিদিন
ঢাকা

নগরীতে ফুটপাতেই জমে উঠেছে ঈদ বাজার

ইবতিদা ফেরদৌস ১৩ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ণ
নগরীতে ফুটপাতেই জমে উঠেছে ঈদ বাজার
আসন্ন ঈদকে ঘিরে বেড়েছে ফুটপাত বাজারের কেনাবেচা -উত্তরা প্রতিদিন

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজশাহীর ব্যস্ততম বাজারগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। শো-রুম ও বড় দোকানের পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাতজুড়েও বসেছে রঙিন পোশাকের অস্থায়ী বাজার। স্বল্প দামে পোশাক পাওয়ায় নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতাদের ভিড় বাড়ছে এসব দোকানে।

সরেজমিনে দেখা যায়, শহরের সাহেব বাজার জিরো পয়েন্ট, নিউমার্কেট রাজশাহী, অলকার মোড় ও কোট বাজার এলাকাজুড়ে সারা দিন জুড়েই জমজমাট থাকে ঈদের পোশাকের ফুটপাত বাজার। দোকানগুলোর সামনে সারি সারি করে ঝুলছে শিশুদের জামা, শার্ট, প্যান্ট, ফ্রক ও বিভিন্ন পোশাক। ছোট্ট জায়গার মধ্যেই সাজিয়ে রাখা হয়েছে নানা রঙের পোশাক, যা ক্রেতাদের সহজেই আকর্ষণ করছে।

বিক্রেতারা জানান, ফুটপাতের এসব দোকানে মূলত শিশুদের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। কম দামে তুলনামূলক ভালো মানের পোশাক পাওয়ায় অনেক পরিবার এখান থেকেই ঈদের কেনাকাটা সারছেন। এখানে সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে প্রায় দুই হাজার টাকা পর্যন্ত দামের পোশাক পাওয়া যায়।

দীর্ঘ আট বছর ধরে ফুটপাতে ব্যবসা করে আসা ব্যবসায়ী মনিরুল জানান, ঈদের সময়টাতেই তাদের ব্যবসা সবচেয়ে বেশি জমে ওঠে। বছরের অন্য সময়ের তুলনায় এই মৌসুমে বিক্রি কয়েকগুণ বেড়ে যায়। প্রতিদিন গড়ে আট থেকে পনেরো হাজার টাকার পণ্য বিক্রি হয় বলে জানান তিনি।

ফুটপাতের আরেক ব্যবসায়ী আব্দুস সামাদ বলেন, বড় দোকান বা শোরুমে অনেক সময় দাম বেশি থাকে। কিন্তু আমাদের এখানে কম দামে ভালো মানের কাপড় পাওয়া যায় বলেই ক্রেতারা বেশি আসেন। বিশেষ করে বাচ্চাদের পোশাকের চাহিদা অনেক বেশি।

ক্রেতাদের মধ্যেও দেখা গেছে স্বস্তির অনুভূতি। জিরো পয়েন্ট এলাকায় সন্তানদের জন্য কাপড় কিনতে আসা গৃহিণী আকলিমা আক্তার বলেন, বড় দোকানে গেলে অনেক সময় দাম বেশি পড়ে। এখানে কম দামে ভালো কাপড় পাওয়া যায়। তাই বাচ্চাদের ঈদের পোশাক এখান থেকেই কিনি।

ক্রেতা সবুজ ইসলাম বলেন, স্বল্প আয়ের মানুষের জন্য ফুটপাতের এই বাজার অনেক সহায়ক। অল্প টাকায় ঈদের কেনাকাটা করা যায়।

ব্যবসায়ী আলী হাসান বলেন, ঈদের আগে ফুটপাতের এই দোকানগুলোই অনেক পরিবারের ভরসা। কম আয়ের মানুষরা এখান থেকেই তাদের সন্তানদের জন্য নতুন কাপড় কিনে দিতে পারেন। আবার আমাদের সকলের সংসার ও চলে এই দোকানের মাধ্যমে।

অপর এক ব্যবসায়ী কাউসার হাবিব ফুটপাতে ব্যবসা করার সমস্যা নিয়ে বলেন, এখানে কাজ করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। আশপাশের পরিবেশ অনেক সময় নোংরা থাকে, আবার মাঝে মাঝে কিছু প্রভাবশালী ব্যক্তি চাঁদা দাবি করেন। তার ওপর সবসময় উচ্ছেদের আশঙ্কাও থাকে। 

শিক্ষার্থী ওয়াজেদ আলী বলেন, ফুটপাতের দোকানগুলো শহরের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে কম দামে প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। আবার অনেক মানুষের জীবিকাও এই ব্যবসার ওপর নির্ভরশীল।

ব্যবসায়ী ও ক্রেতাদের মতে, ফুটপাতের এসব দোকান শুধু কেনাকাটার সুযোগই তৈরি করছে না বরং অনেক ক্ষুদ্র ব্যবসায়ীর জীবিকার পথও খুলে দিয়েছে। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ক্রেতাদের ভিড় এবং ফুটপাতজুড়ে রঙিন পোশাকের এই অস্থায়ী বাজার হয়ে উঠছে রাজশাহীর ঈদ প্রস্তুতির অন্যতম মাধ্যম।

ইএফ/

 

Read more — উত্তরাঞ্চল
Home