উত্তরা প্রতিদিন
ঢাকা

শহীদদের রক্তের বদলা নেওয়া হবে: মোজতবা খামেনি

বিদেশ ডেস্ক ১২ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ণ
শহীদদের রক্তের বদলা নেওয়া হবে: মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর প্রথম টেলিভিশন ভাষণে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় শহিদদের রক্তের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং দেশের জনগণকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন।

ভাষণে তিনি বলেন, ইরান তার শহিদদের রক্তের প্রতিশোধ নেবে এবং দেশের ওপর চলমান চাপ ও হামলার মধ্যেও লড়াই চালিয়ে যাবে। তিনি ইরানের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের সাহসী প্রতিরোধের কারণে দেশকে বিভক্ত বা পরাধীন করা সম্ভব হয়নি।

খামেনি বলেন, আমাদের দেশ যখন চাপ ও হামলার মুখে, তখন সাহসী যোদ্ধারা অসাধারণ কাজ করছে। আমি তাদের ধন্যবাদ জানাই।

তিনি জানান, যুদ্ধ পরিস্থিতিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য সরকার আর্থিক সহায়তার ব্যবস্থা করবে। আহত ব্যক্তিদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়ার ঘোষণাও দেন তিনি।

ভাষণে তিনি আরও বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায়। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় সেগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে।

খামেনি দাবি করেন, ইরান মূলত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোই লক্ষ্যবস্তু করছে এবং এই হামলা অব্যাহত থাকবে। তিনি বলেন, ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইরানকে সমর্থন দিচ্ছে এবং প্রয়োজনে তারা সহায়তা করবে।

ভাষণে তিনি আরও ঘোষণা দেন, ইরানের শত্রুদের ওপর চাপ বজায় রাখতে হরমুজ প্রণালী বন্ধই থাকবে। সূত্র: আল জাজিরা

Read more — আন্তর্জাতিক
Home