
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন প্রযুক্তি কোম্পানি ও তাদের অবকাঠামোকে নতুন লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করার ইঙ্গিত দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আইআরজিসি–ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সংযোগ আছে এমন শীর্ষ মার্কিন প্রযুক্তি কোম্পানির অফিস ও অবকাঠামোর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, এসব প্রযুক্তি সামরিক কাজে ব্যবহৃত হওয়ায় সেগুলো এখন `ইরানের নতুন লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচিত হতে পারে।
তালিকায় গুগল, মাইক্রোসফট, প্যালান্টির, আইবিএম, এনভিডিয়া ও ওরাকল–এর নাম রয়েছে। এসব প্রতিষ্ঠানের ক্লাউডভিত্তিক সেবার অফিস ও অবকাঠামো ইসরায়েলের বিভিন্ন শহর ছাড়াও কয়েকটি উপসাগরীয় দেশেও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ যখন অবকাঠামোগত যুদ্ধের দিকে বিস্তৃত হচ্ছে, তখন ইরানের `বৈধ লক্ষ্যবস্তু’র পরিধিও বাড়ছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে অঞ্চলজুড়ে তাদের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকেও হামলার হুমকি দিয়েছে ইরান। খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের এক মুখপাত্র বলেন, ইরানের একটি ব্যাংকের ওপর হামলার পর শত্রুরা এমন পরিস্থিতি তৈরি করেছে যে, এখন অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্র ও `জায়নিস্ট শাসনব্যবস্থা’ সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোকে লক্ষ্যবস্তু করার সুযোগ তৈরি হয়েছে। তিনি সতর্ক করে বলেন, এসব ব্যাংকের এক কিলোমিটার এলাকার মধ্যে সাধারণ মানুষকে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

