উত্তরা প্রতিদিন
ঢাকা

বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাঘা প্রতিবেদক ৯ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ণ
বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রাজশাহীর বাঘা উপজেলায় ঘন কুয়াশার মধ্যে একটি সিএনজিচালিত অটোরিকশা ও স্থানীয়ভাবে নির্মিত ইঞ্জিনচালিত তিন চাকার যানবাহন ভটভটির মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বাঘা-লালপুর আঞ্চলিক মহাসড়কের চণ্ডিপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিএনজি অটোরিকশাটি পাঁচ যাত্রী নিয়ে লালপুর থেকে বাঘার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ভটভটির সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই নিহত হন সিএনজি অটোরিকশার চালক শরিফ হোসেন (৪২) ও যাত্রী বিধান মিস্ত্রি (৪৫)। পরে গুরুতর আহত অবস্থায় রোকেয়া বেগম (৯০), তার ছেলে শাহজাহান আলী (৩৫) ও সীমা বেগমকে (৫০) প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে রোকেয়া বেগমের মৃত্যু হয়।

নিহত রোকেয়া বেগমের বাড়ি নাটোরের লালপুর উপজেলার আন্দি সালামপুর এলাকায়, সিএনজিচালক শরিফ হোসেনের বাড়ি লালপুর উপজেলার ফতেপুর এলাকায় এবং নিহত বিধান মিস্ত্রির বাড়ি বাঘা উপজেলার বুধপাড়া গ্রামে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, সকালে প্রচুর কুয়াশা পড়ছিল। কুয়াশার কারণে একটু সামনেরও কিছু দেখা যাচ্ছিল না। ওই সময়ই সিএনজি আর ভটভটির মধ্যে সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনাস্থলেই দুইজন তখনই মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা গেছেন। সিএনজি ও ভটভটি দুর্ঘটনাস্থলে পড়ে আছে। তবে ভটভটির চালক পালিয়ে গেছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, লালপুর থেকে পাঁচজন একটি সিএনজিতে করে বাঘার দিকে আসছিলেন। ভটভটির সঙ্গে সংঘর্ষে সিএনজির ড্রাইভারসহ তিনজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে থানার আনা হয়েছে। দুর্ঘটনার পর দুটি যানবাহনই জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ভটভটি চালক পালিয়ে গেছে।

Read more — উত্তরাঞ্চল
Home