উত্তরা প্রতিদিন
ঢাকা

বাঘায় সড়ক দুর্ঘটনায় মা–ছেলেসহ নিহত ৩, আহত ২

উত্তরা প্রতিদিন বাঘা প্রতিবেদক ৯ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ণ
বাঘায় সড়ক দুর্ঘটনায় মা–ছেলেসহ নিহত ৩, আহত ২

রাজশাহীর বাঘা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা–ছেলেসহ তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বাঘা–লালপুর আঞ্চলিক মহাসড়কের চণ্ডিপুর বাজারের পূর্ব পাশে রিয়াদ আলী নামের এক চিকিৎসকের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, লালপুর থেকে সিএনজি অটোরিকশাযোগে পাঁচজন যাত্রী বাঘার দিকে আসছিলেন। পথে চণ্ডিপুর বাজারের পূর্ব পাশে বিপরীত দিক থেকে আসা স্টিয়ারিংচালিত একটি ভুটভুটির (ইঞ্জিনচালিত যান) সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ভুটভুটির চালক পালিয়ে যায়।

এ ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন সিএনজিচালক শরিফ হোসেন (৪২) ও যাত্রী বিধান মিস্ত্রি (৪৫)। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে রোকেয়া বেগম (৯০), তার ছেলে শাহজাহান আলী (৩৫) ও সীমা বেগম (৫০)-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে হাসপাতালে নেওয়ার পথে রোকেয়া বেগম মারা যান।

নিহত রোকেয়া বেগমের বাড়ি নাটোরের লালপুর উপজেলার আন্দি সালামপুর এলাকায়। সিএনজিচালক শরিফ হোসেনের বাড়ি লালপুর উপজেলার ফতেপুর এলাকায় এবং নিহত বিধান মিস্ত্রির বাড়ি বাঘা উপজেলার বুধপাড়া গ্রামে।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থলের পাশে দিয়ে যাচ্ছিলাম। সকালে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছিল। কুয়াশার কারণে একে অপরকে দেখা যাচ্ছিল না। দেখতে না পাওয়ার কারণে সংঘর্ষ হয়েছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছে। সিএনজি ও ভটভটি ঘটনাস্থলে পড়ে আছে।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, লালপুর থেকে একটি সিএনজি করে পাঁচজন যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিলেন। সিএনজির ড্রাইভারসহ তিনজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে থানার আনা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ভুটভুটি জব্দ ও চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

 

Read more — উত্তরাঞ্চল
Home