
চাঁপাইনবাবগঞ্জ জেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। এছাড়া টিআইবি-সনাক’র আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এছাড়া জেলার পাঁচ উপজেলাতেও পৃথক আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। সভাপতির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। সূচনা বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমীন মিতু, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা শফিকুল ইসলাম খানসুর, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোমেনা খাতুন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ভারপ্রাপ্ত ম্যানেজার শ্যামল কস্তা, অদম্য নারী সুমাইয়া ইসলাম।
এবছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকালে পৌরসভা থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। কর্মসূচিতে পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, শহর পরিকল্পনা বিদ ইমরান হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বেলা ১১টায় দিবসটি উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে টিআইবি-সচেতন নাগরিক কমিটি সনাক। ‘‘নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব চাই’’ প্রতিপাদ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশ বাংলাদেশ’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি-সনাক দিবসটি উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করে।
ইএফ/

