উত্তরা প্রতিদিন
ঢাকা

মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা,ভাঙচুর ও মাছ লুটের অভিযোগ

মান্দা (নওগাঁ) প্রতিবেদক ৮ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ণ
মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা,ভাঙচুর ও মাছ লুটের অভিযোগ
পুকুরের মাছ লুটের দৃশ্য - উত্তরা প্রতিদিন

 

নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি অসহায় পরিবারের ওপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর, গাছ নিধন ও পুকুরের মাছ লুটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেও তারা পুলিশের সহায়তা পাননি। উল্টো থানায় অভিযোগ করতে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) রোষানলে পড়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে ভুক্তভোগীকে ‘মিথ্যা চাঁদাবাজি মামলায়’ ফাঁসানোর হুমকি দিতেও শোনা গেছে ওই পুলিশ কর্মকর্তাকে।

গত শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ৫ নং গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামের জনৈক রজব আলী গং-এর সঙ্গে একই গ্রামের ফরহাদ আলী চকদার গং এর একটি স্কুলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শনিবার দুপুরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বিবাদমান জমির ফলজ ও বনজ গাছ কেটে ফেলার পাশাপাশি পুকুর থেকে মাছ লুট করে এবং বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।

ভুক্তভোগীদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই তাণ্ডব চালানো হয়েছে। হামলার সময় প্রাণভয়ে তারা বারবার ৯৯৯-এ ফোন করলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দীর্ঘ সময়ক্ষেপণ করে। পুলিশের এই ‘রহস্যজনক নীরবতায়’ হামলাকারীরা কয়েক ঘণ্টা ধরে তাণ্ডব চালানোর সুযোগ পায় বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

ঘটনা প্রবাহে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানার একটি কথিত অডিও ক্লিপ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে শোনা যায়, ভুক্তভোগী পরিবার আইনি সহায়তা চাইলে ওসি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বলেন, “বেশি বাড়াবাড়ি করলে বা কথা বললে মিথ্যা চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে।”

একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এমন অপেশাদার আচরণ ও হুমকিতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

হুমকির অভিযোগ অস্বীকার করে মান্দা থানার ওসি কেএম মাসুদ রানা মুঠোফোনে বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। কাউকে হুমকি দেওয়ার বিষয়টি সঠিক নয়।” তবে ভাইরাল হওয়া অডিওর সত্যতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দেননি।

বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ন্যায়বিচারের দাবিতে তারা জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

ইএফ/

Read more — উত্তরাঞ্চল
Home