
নওগাঁর মান্দায় আত্রাই নদীর বাঁধ থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বনজ গাছ লুটের অভিযোগে প্রকাশিত সংবাদকে ‘ভিত্তিহীন’ দাবি করে প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার ভালাইন ইউনিয়নের আঁয়াপুর উত্তরপাড়া গ্রামে নির্মাণাধীন মসজিদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত গ্রামবাসী দাবি করেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এবং উন্নয়নমূলক কাজে বাধা দিতেই এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা জানান, আত্রাই নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ সংস্কারের কাজ চলায় বাঁধের ওপর থাকা বিভিন্ন প্রজাতির গাছ সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়। এই পরিস্থিতিতে গ্রামের উত্তরপাড়ায় নির্মাণাধীন মসজিদের কাজের সহায়তার জন্য কয়েকটি ছোট লাটুয়া গাছ কাটা হয়। এতে কোনো ব্যক্তিগত স্বার্থ বা রাজনৈতিক প্রভাব খাটানো হয়নি।
স্থানীয় বাসিন্দা বিনয় চন্দ্র সাহা বলেন, ‘বাঁধে আমার লাগানো বেশ কয়েকটি আমগাছ ছিল। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বাঁধ সংস্কারের জন্য গাছগুলো সরাতে বললে আমি পাঁচটি গাছ মসজিদের উন্নয়নের জন্য দান করি। মসজিদ কমিটি সেগুলোই কেটেছে। এখানে সরকারি গাছ লুটের কোনো প্রশ্নই আসে না।’
মসজিদ কমিটির সাবেক সভাপতি আব্দুল্লাহেল কাফি বলেন, ‘মসজিদের কাজের জন্যই গ্রামবাসী গাছগুলো কেটেছে। এর সঙ্গে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বা ইউপি সদস্য হারুন অর রশীদের কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র তাদের সম্মানহানি করতে একটি পক্ষ সংবাদমাধ্যমকে ভুল তথ্য দিয়েছে।’
সমাবেশে আরও বক্তব্য দেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আলতাফ হোসেন এবং ইউপি সদস্য হারুন অর রশীদ। বক্তারা প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রকৃত সত্য তুলে ধরতে সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
ইএফ/

