উত্তরা প্রতিদিন
ঢাকা

সিনজেনটার আয়োজনে চারঘাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৮ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
সিনজেনটার আয়োজনে চারঘাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন পরিষদে নারী কৃষকদের স্বাস্থ্য, খাদ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক আলোচনা ও সাধারণ স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) সিনজেনটা বাংলাদেশ লিমিটেড ও সরদহ ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, বাংলাদেশের কৃষি খাতকে শক্তিশালী করতে নারী কৃষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। SheShines–এর মতো উদ্যোগ গ্রামীণ নারী কৃষকদের দক্ষতা, আত্মবিশ্বাস ও স্বীকৃতি অর্জনে সহায়তা করছে। কৃষির অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে এবং তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন জোরদার করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন, সরদহ ও নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং এলাকার নারী কৃষকেরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিনজেনটা বাংলাদেশের মানবসম্পদ বিভাগের পরিচালক উপলা শফিক। তিনি বলেন, গ্রামীণ নারীদের দক্ষতা উন্নয়ন, আর্থিক স্বনির্ভরতা এবং নেতৃত্ব বিকাশে সিনজেনটা বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। নারী কৃষকদের ক্ষমতায়নই টেকসই কৃষি উন্নয়নের ভিত্তি।

আয়োজকরা জানান, সিনজেনটা বাংলাদেশের SheShines প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারীদের কৃষি দক্ষতা বৃদ্ধি, আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ এবং সামাজিক নেতৃত্বে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী কৃষকদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ সেবা প্রদান করা হয়।

Read more — উত্তরাঞ্চল
Home