উত্তরা প্রতিদিন
ঢাকা

তানোরে বোরো পরিচর্যা ও আলু উত্তোলনের ধুম, বাড়ছে শ্রমিকের কদর

উত্তরা ডেস্ক ৭ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ণ
তানোরে বোরো পরিচর্যা ও আলু উত্তোলনের ধুম, বাড়ছে শ্রমিকের কদর

রাজশাহীর তানোর উপজেলায় এখন বোরো ধানের মাঠ পরিচর্যা আর আলু উত্তোলনের মহোৎসব চলছে। একই সঙ্গে একাধিক কৃষিকাজ শুরু হওয়ায় এলাকায় শ্রমিকের সংকট দেখা দিয়েছে। বিলকুমারী বিলের বিস্তীর্ণ মাঠে এখন সবুজের সমারোহ। অন্যদিকে আলু উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকরা। তবে হিমাগার মালিকদের সিন্ডিকেট আর আলুর দরপতন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা।

 

বিলের জমিতে আগাছা পরিষ্কারে ব্যস্ত থাকতে দেখা যায় একদল আদিবাসী শ্রমিককে। শ্রমিক শ্যামলী ও আসমাউল জানান, তাঁরা চুক্তিতে আগাছা পরিষ্কারের কাজ করেন। বিঘা প্রতি ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা মজুরি নিলেও বর্তমান দ্রব্যমূল্যের বাজারে তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। কৃষক হাবিব জানান, রোপণ থেকে শুরু করে মাড়াই পর্যন্ত আদিবাসী শ্রমিকরাই প্রধান ভরসা। তবে এখন দৈনিক শ্রমিকের মজুরি ৫৫০ থেকে ৬০০ টাকায় ঠেকেছে।

উপজেলার পাঁচন্দর ইউপির যশপুর গ্রামের আলু চাষি ইনছান জানান, ফলন ভালো হলেও বাজারে আলুর দাম নিয়ে তাঁরা শঙ্কিত। কয়েক দিন আগেও যে আলু ১২-১৩ টাকা কেজি ছিল, তা এখন ৯-১০ টাকায় নেমেছে। হিমাগার মালিকদের সিন্ডিকেটের কারণে প্রতিদিন দামের ওঠা-নামায় লোকসানের মুখে পড়ছেন প্রান্তিক চাষিরা।

 

উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ জানান, চলতি মৌসুমে তানোরে ১২ হাজার ১৯০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, যার মধ্যে ১৫০ হেক্টর জমির আলু ইতিমধ্যে উত্তোলন করা হয়েছে। অন্যদিকে বোরো চাষের লক্ষ্যমাত্রা ১৪ হাজার ৫০০ হেক্টর নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত ৬ হাজার ৫০০ হেক্টর অর্জিত হয়েছে। আলু পুরোপুরি উত্তোলন হলে বোরোর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

Read more — উত্তরাঞ্চল
Home