উত্তরা প্রতিদিন
ঢাকা

মহাদেবপুরে স্ত্রীকে পাশবিক নির্যাতনের পর চুল কেটে নেয়ার অভিযোগ

উত্তরা প্রতিদিন মহাদেবপুর প্রতিবেদক ৪ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ণ
মহাদেবপুরে স্ত্রীকে পাশবিক নির্যাতনের পর চুল কেটে নেয়ার অভিযোগ
মহাদেবপুরে স্ত্রীকে পাশবিক নির্যাতনের পর চুল কেটে দিয়েছে পাষণ্ড স্বামী, ইনসেটে স্ত্রী

নওগাঁর মহাদেবপুরে যৌতুকের দাবিতে মধ্যযুগীয় কায়দায় পাশবিক নির্যাতনের পর ঘরে আটকে রেখে এক গৃহবধুর মাথার চুল কেটে নেয়ার অভিযোগ উঠেছে পাষন্ড স্বামী মিনহাজের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিবরামপুর দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, গত বছরের ৮ জুন বিকালে এক লাখ টাকা যৌতুক দাবিতে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতনের পর ঘরে আটকে রেখে কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে মাথা ন্যাড়া করে দেয়। পরে তার হাত-পা বাঁধা অবস্থায় ঘরে আটকে রেখে পালিয়ে যায় স্বামী মিনহাজ। 

সন্ধ্যার দিকে গৃহবধু হিরার চেঁচামেচিতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। খবর পেয়ে পরদিন সোমবার বিকেলে ঢাকায় অবস্থানরত হিরার বাবা-মা ঢাকা থেকে এসে মেয়ের চিকিৎসা করান। এ ঘটনায় হিরার বাবা হারুন অর রশিদ বাদী হয়ে মিনহাজ হোসেনকে আসামী করে গত ১০ জুন মহাদেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ ওইদিনই তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন। 

এর কয়েক মাস পর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরে এসে হিরার বাবা ও ছোটভাইকে হত্যার ভয় দেখিয়ে স্ত্রী হিরাকে ঘরে ফিরিয়ে নিয়ে আবারও নির্যাতন করতে থাকে স্বামী মিনহাজ। বাবা ও ছোটভাইয়ের জীবন বাঁচাতে সব অত্যাচার নিরবে সহ্য করে তার সংসার করছিল গৃহবধু হিরা। স্থানীয় সূত্রে জানায়, প্রায় ৫ বছর পূর্বে শিবরামপুর দক্ষিণপাড়া গ্রামের হারুন অর রশিদের মেয়ে হিরা খানমের (২২) সাথে একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে মিনহাজ হোসেনের বিয়ে হয়। তাদের সংসারে সাড়ে তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকলোভী ও মাদক ব্যবসায়ী মিনহাজ যৌতুকের জন্য স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় অমানুষিক নির্যাতন করে আসছে। স্ত্রীকে প্রকাশ্যে নির্যাতন করলেও তার ভয়ে এলাকায় লোকজন এবং পরিবারের কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। গৃহবধু হিরার বাবা হারুন অর রশিদ জানান, বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে জামাই মিনহাজ তার মেয়েকে নির্যাতন করে আসছে। 

গত বৃহস্পতিবার দুপুরে আবারও যৌতুকের দাবিতে মারপিট করে ৩-৪ ঘণ্টা ঘরে আটকে রেখে মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়। স্বামী মিনহাজ এর আগে তাকে এবং তার স্ত্রীকেও ধারালো অস্ত্র দিয়ে মারপিট করে গুরুতর আহত করেছে। তার ভয়ে নিজের বাড়িভিটা বিক্রি করে তিনি স্ত্রী-সন্তান নিয়ে অন্যত্র ভাড়া বাড়িতে বসবাস করছেন। মেয়ের সুখের কথা ভেবে কিছুদিন আগে যৌতুক হিসেবে ২০ হাজার টাকাও দিয়েছেন জামাই মিনহাজকে। 

হারুন অর রশিদ আরো জানান, মিনহাজ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী। সে আমাকে এবং আমার ছোট ছেলেকে হত্যার ভয় দেখিয়ে আমার মেয়েকে তার সংসার করতে বাধ্য করছে। সে প্রতিনিয়তই তার মেয়ে হিরাকে পাশবিক নির্যাতন করে আসছে। প্রাণভয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না কেউ। তিনি তার পরিবারও মেয়েসহ সকলে চরম নিরাপত্তাহীনতা রয়েছেন বলেও জানান। যেকোনো সময় তাদেরকে হত্যাসহ তাদের বিভিন্ন ক্ষতিসাধন করতে পারে বলেও আশংকা করেন তিনি। এজন্য প্রশাসনের সর্বাত্বক সহযোগিতা কামনা করেছেন তিনি। 

এ বিষয়ে মহাদেবপুর থানার (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

 

ইএফ/

Read more — উত্তরাঞ্চল
Home