
রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়নের কার্তিক পাড়া বাজারে সারের দোকানে অভিযান চালিয়ে তিন সার ব্যসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ সোমবার উপজেলা নিবার্হী কর্মকর্তা লিয়াকত সালমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার ও কৃষি সম্প্রসারণ অফিসার নিভাষ সরকার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১ টার সময় কার্তিক পাড়া বাজারে সার ব্যবসায়ীদের বিরুদ্ধে অবৈধভাবে সার মজুদ, নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে সার বিক্রি এবং দোকান বন্ধ রেখে ক্রেতা সাধারণকে হয়রানি করার অভিযোগে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় সার ব্যবসায়ী তপন কুমারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা জরিমানা। ব্যবসায়ী মো. মামুনুর রশিদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা জরিমানা এবং সাইদুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা অর্থদণ্ডে দমন্ডিত করা হয়েছে। তিন ব্যবসায়ীদের কাছে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও পরবর্তীতে উপস্থিত কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয় করা হয় এবং বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, কোন ব্যবসায় যদি সার মজুদ, নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে সার বিক্রি এবং দোকান বন্ধ রেখে ক্রেতা সাধারণকে হয়রানি করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এই মনিটরিং ব্যবস্থা চলমান থাকবে।

