উত্তরা প্রতিদিন
ঢাকা

নগরীতে গলায় ছুরি ধরে নারীর বিদেশযাত্রার কাগজপত্র ছিনতাই

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ
নগরীতে গলায় ছুরি ধরে নারীর বিদেশযাত্রার কাগজপত্র ছিনতাই

রাজশাহী নগরে গভীর রাতে এক নারীর গলায় ছুরি ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, বাড়ি ফেরার পথে রিকশাচালকই তাঁকে জিম্মি করে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রসহ বিদেশযাত্রার প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় তাঁর বিদেশযাত্রা অনিশ্চয়তায় পড়েছে।

গত রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে নগরের ভদ্রা ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রিপা বেগম (৩৭) রাজশাহী নগরের উপকণ্ঠ কিসমত কুখন্ডি গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী রিপা বেগম জানান, তাঁর স্বামী অন্য নারীকে বিয়ে করে আলাদা থাকেন। বৃদ্ধা মা, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর সংসার। মেয়ের বিয়ে আগেই দিয়েছেন। আর্থিক সংকটের কারণে ছেলেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে দিতে পারেননি। সংসারের হাল ধরতে তিনি দুই বছর সৌদি আরবে কাজ করেন এবং আট মাস আগে দেশে ফেরেন।

দেশে ফিরে স্থায়ীভাবে থাকার মতো কোনো জায়গা না থাকায় ঋণ করে একটি জমি কিনেছিলেন। সৌদি আরব থেকে আনা টাকায় সেই ঋণ শোধ করেন। তবে দেশে ফেরার পর গত পাঁচ মাস ধরে চাকরির চেষ্টা করেও কোনো কাজ পাননি। সংসারের দায়ভার ও ভবিষ্যতের কথা ভেবে আবারও সৌদি আরবে যাওয়ার সিদ্ধান্ত নেন। কষ্ট করে প্রায় দুই লাখ টাকা জোগাড় করেন বিদেশযাত্রার প্রস্তুতির জন্য।

বিদেশ যাওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তিনি ঢাকায় গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান। আঙুলের ছাপ দেওয়ার তারিখ এক সপ্তাহ পর হওয়ায় তিনি রাজশাহীতে ফিরে আসেন। রাত পৌনে ৩টার দিকে বাস থেকে ভদ্রা এলাকায় নেমে একটি রিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা দেন।

রিপার ভাষ্য অনুযায়ী, রিকশায় ওঠার সময় চালক তাঁকে আশ্বস্ত করে বলেন, ‘আমারও মা-বোন আছে, ভয় নাই।’ কিন্তু রুয়েট-সংলগ্ন ফ্লাইওভারের নিচে পৌঁছালে চালক রিকশা থামিয়ে তাঁর গলায় ছুরি ধরে। পরে তাঁকে জিম্মি করে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয়। এমনকি তাঁকে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ারও চেষ্টা করা হয়।

এ সময় মতিহার থানা পুলিশের একটি টহল গাড়ি ঘটনাস্থলের দিকে আসতে দেখে রিকশাচালক দ্রুত রিকশা নিয়ে পালিয়ে যায়। পরে রিপা পুলিশকে বিষয়টি জানান।

ঘটনার পর তিনি খালা ও খালুকে ফোন করে ঘটনাস্থলে ডাকেন। তাঁদের সঙ্গে বাড়ির পথে রওনা হলে কিছুদূর যাওয়ার পর পুলিশ একটি ব্যাগ উদ্ধার করে এনে দেয়। পুলিশ জানায়, ব্যাগটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। ব্যাগের ভেতরে একটি চাদর থাকলেও পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি। এতে তাঁর বিদেশযাত্রা অনিশ্চয়তায় পড়ে গেছে বলে জানান রিপা। বর্তমানে তিনি চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।

নতুন করে জাতীয় পরিচয়পত্র পেতে সোমবার আবেদন করেছেন রিপা বেগম। প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় ও দৌড়ঝাঁপের কারণে এখনো থানায় লিখিত অভিযোগ দিতে পারেননি। তবে শিগগিরই অভিযোগ করবেন বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, টহল দল ব্যাগ উদ্ধার করেছে বলে তিনি শুনেছেন। তবে ঘটনাস্থলটি সম্ভবত চন্দ্রিমা থানা এলাকায় পড়ে। তাঁদের থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

অন্যদিকে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত। তবে ভুক্তভোগী নারীর সঙ্গে সরাসরি কথা বলা প্রয়োজন। ঘটনাস্থল তাঁদের থানা এলাকায় হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Read more — উত্তরাঞ্চল
Home