
ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাডা জেলায় একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ‘সূর্য শ্রী ফায়ারওয়ার্কস’ নামের একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
শনিবার দুপুর ২টার দিকে ভেটলাপালেম গ্রামের একটি খালের পাশে অবস্থিত কারখানায় এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দ প্রায় ৫ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে।
তীব্র কম্পনে পাশের একটি স্কুল ভবনেও ফাটল ধরেছে।
নিহতদের অধিকাংশ সদস্যই নারী শ্রমিক। এ ছাড়া গুরুতর আহত অন্তত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেক মরদেহ পুড়ে যাওয়ায় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের অভিযোগ, কারখানায় অনুমোদিত পরিমাণের চেয়ে অনেক বেশি আতশবাজি তৈরি করা হচ্ছিল, যা থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে।
মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ঘটনার খোঁজ নিয়েছেন এবং দ্রুত উদ্ধারকাজের নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসন ও পুলিশ বর্তমানে ঘটনার কারণ খতিয়ে দেখছে।

