উত্তরা প্রতিদিন
ঢাকা

লালপুরে গ্রামীণ সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ

উত্তরা প্রতিদিন লালপুর প্রতিবেদক ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪ অপরাহ্ণ
লালপুরে গ্রামীণ সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ
লালপুর ভায়া বিলমাড়িয়া-দুড়দুড়িয়া সড়কের সংস্কার কাজ - উত্তরা প্রতিদিন

নাটোরের লালপুর উপজেলায় গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় লালপুর ভায়া বিলমাড়িয়া-দুড়দুড়িয়া সড়কের ৩ দশমিক ৬০ কিলোমিটার অংশের সংস্কার কাজ শুরু হয়েছে। তবে কাজের শুরু থেকেই ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, চূড়ান্ত কাজের আগের ধাপগুলোতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। প্রকল্পের শিডিউল অনুযায়ী ভাঙা ও নিচু অংশে এক নম্বর ইট ও মানসম্মত খোয়া ব্যবহারের কথা থাকলেও বাস্তবে ব্যবহার করা হচ্ছে ভাঙা ইট, রাবিশ ও নিম্নমানের উপকরণ। রোলার চালিয়ে কাজ শেষ করা হলেও প্রয়োজনীয় পানি ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শুকনো রাস্তার ওপর কাটব্যাক করার নিয়ম থাকলেও তা না মেনে ভেজা ও কাদাযুক্ত অবস্থায় কাজ করা হচ্ছে। এ সময় উপজেলা এলজিইডি কার্যালয়ের তদারকি কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন উপস্থিত থাকলেও অনিয়মের বিষয়ে কোনো দৃশ্যমান ব্যবস্থা নিতে দেখা যায়নি বলে জানান এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, “যে মানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে, তাতে অল্পদিনেই রাস্তা নষ্ট হয়ে যাবে। আমরা একাধিকবার অভিযোগ দিলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ঠিকাদার ও সংশ্লিষ্টদের যোগসাজশে নিম্নমানের কাজ হচ্ছে বলে আমাদের ধারণা।”

২০২৫-২০২৬ অর্থবছরে এ সড়কটির মেরামত ও সংরক্ষণকাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় দেড় কোটি টাকা। কাজটি পেয়েছে লালপুরের রাজিব কনস্ট্রাকশন; তবে মাঠপর্যায়ে কাজ করছেন আনিস কনস্ট্রাকশনের মাসুদ রানা।

এ বিষয়ে মাসুদ রানা বলেন, “শিডিউলে ভাঙা বা নিচু অংশের জন্য আলাদা বাজেট নেই। তাই খরচ কমাতে এভাবেই কাজ করছি।”

অন্যদিকে উপজেলা এলজিইডি কার্যালয়ের তদারকি কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী ইকবালের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নাটোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল হোসেন বলেন, “রাস্তার কাজে অনিয়মের কোনো সুযোগ নেই। অভিযোগটি খতিয়ে দেখা হবে।”

গ্রামীণ জনগুরুত্বপূর্ণ এ সড়কটির সংস্কারকাজ যেন মানসম্মতভাবে সম্পন্ন হয়, সে দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

ইএফ/

Read more — উত্তরাঞ্চল
Home