উত্তরা প্রতিদিন
ঢাকা

রাবি ইউট্যাবের ইফতার মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা

উত্তরা প্রতিদিন রাবি প্রতিবেদক ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ অপরাহ্ণ
রাবি ইউট্যাবের ইফতার মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা
রাবির জুবেরী ভবনে ইউট্যাবের ইফতার মাহফিল - উত্তরা প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) দোয়া মাহফিলটির আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউট্যাব রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক মামুনুর রশীদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে এক বটবৃক্ষের মতো ছিলেন। কারও বিরুদ্ধে কথা বলে নয়; বরং দেশের জন্য কাজ করে এবং তাঁর আদর্শ ধারণ করেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম বলেন, বর্তমান সময়ে আমরা সরকারি দলের অংশ হওয়ায় আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি। নির্বাচনের আগে যে ঐক্য বিজয় এনে দিয়েছে, একইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক আবদুর রাজ্জাক, রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম, রাবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান, সম্পাদক অধ্যাপক ফারিদুল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি এবং সম্পাদক সর্দার জহুরুল ইসলাম।

 

ইএফ/

Read more — উত্তরাঞ্চল
Home