
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় একটি পাথরবোঝাই ট্রাক ছিটকে গিয়ে পাশের একটি বসতবাড়ির ওপর পড়ে দাদি ও নাতি গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সাময়িকভাবে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে রাতেই ট্রেনটি সরিয়ে নেওয়া হলে চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আসছিল একটি পাথরবোঝাই ট্রাক। রেলক্রসিং অতিক্রমের সময় ট্রাকটি হঠাৎ রেললাইনের ওপর আটকে যায়। চালক একাধিকবার চেষ্টা করেও সেটি সরাতে ব্যর্থ হন। এ সময় ট্রেন আসতে দেখে চালক ও হেলপার দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যান। এর কিছুক্ষণ পর চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি আইআর শাটল ট্রেন দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটি ছিটকে গিয়ে পাশের একটি বসতবাড়ির ওপর আছড়ে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা দাদি ও নাতি গুরুতর আহত হন। কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী বলেন, ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে বাড়ির ওপর পড়ে। এ ঘটনায় বাড়িতে থাকা দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জিয়াউল হাসান জানান, ট্রেনটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে কিছু দূর গিয়ে থেমে যায়। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন সচল করে ট্রেনটি সরিয়ে নেন। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

