উত্তরা প্রতিদিন
ঢাকা

আসমা কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন ও ইফতার মাহফিল

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ণ
আসমা কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন ও ইফতার মাহফিল

রাজশাহীর পবা উপজেলায় অবস্থিত আসমা কোল্ড স্টোরেজে চলতি মৌসুমে আলু সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার বায়ার তকিপুর এলাকায় বিমানবন্দর রোডসংলগ্ন স্টোরেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আসমা কোল্ড স্টোরেজের প্রতিষ্ঠাতা খন্দকার আব্দুল মতিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলু সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, কৃষকের উৎপাদিত আলু সঠিকভাবে সংরক্ষণ করতে পারলে ন্যায্যমূল্য নিশ্চিত করা সহজ হয়। আধুনিক প্রযুক্তিনির্ভর সংরক্ষণ ব্যবস্থা কৃষকের ক্ষতি কমায় এবং বাজার স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রাখে। ভবিষ্যতেও কৃষকদের পাশে থেকে আসমা কোল্ড স্টোরেজ নিরলসভাবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আওলিয়া রাজিব ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রওশন প্রামাণিক, আমিনুল হক, শিহাব, রাসেল, পলাশ ও আশরাফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, কৃষিনির্ভর অর্থনীতিতে কোল্ড স্টোরেজের গুরুত্ব অপরিসীম। সংরক্ষণ সুবিধা বাড়লে কৃষকরা উৎপাদনে আরও উৎসাহিত হন এবং মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরশীলতা কমে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ, জাতি ও কৃষি খাতের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ইফতার মাহফিলে আসমা কোল্ড স্টোরেজের কর্মকর্তা-কর্মচারী, আলুর জমির মালিক, ব্যবসায়ী, চাষি ও স্থানীয় ব্যক্তিবর্গসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। আয়োজকরা জানান, কৃষকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠান ও ইফতার মাহফিল ঘিরে পুরো প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় কৃষকরা আশা প্রকাশ করেন, সংরক্ষণ সুবিধা নিশ্চিত হলে চলতি মৌসুমে আলুর ন্যায্যমূল্য পাওয়া সহজ হবে।

Read more — উত্তরাঞ্চল
Home