উত্তরা প্রতিদিন
ঢাকা

শিবগঞ্জ সীমান্তে ১০০ বোতল নেশাজাতীয় সিরাপসহ একজন আটক

উত্তরা প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ণ
শিবগঞ্জ সীমান্তে ১০০ বোতল নেশাজাতীয় সিরাপসহ একজন আটক
শিবগঞ্জ সীমান্তে ১০০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে -উত্তরা প্রতিদিন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ ডিএক্স (ঊংশঁভ উঢ) সিরাপসহ একজনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়নের ৫৯ বিজিবি। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সীমান্ত পিলার ১৭৯/৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। 

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে তেলকুপি বিওপি থেকে একটি টহল দল অভিযান পরিচালনা করে।  অভিযানকালে মো. সাকিবুল হাসান (১৯) নামে এক যুবককে ১০০ বোতল এসকাফ ডিএক্স সিরাপ ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়। তিনি জমিনপুর গ্রামের বাসিন্দা। এ সময় আরও তিনজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানায় বিজিবি।

বিজিবি জানায়, আটক ব্যক্তি ও পলাতকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্ডার গার্ড বাংলাদেশ-এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত তিন মাসে ৫৯ বিজিবি সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ৮ জন আসামিকে আটকসহ মোট ৩ হাজার ২০০ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বলে জানানো হয়।

ইএফ/

 

Read more — উত্তরাঞ্চল
Home