
নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের সরিষার পালায় আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এতে ওই কৃষকের প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার জয়পুর পীরপুুকুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, জয়পুর পীরপুুকুর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক এক বিঘা জমি বন্ধক নিয়ে সরিষা চাষ করেছিলেন। সরিষা পাকলে বাবা মোজাফফর হোসেনকে সাথে নিয়ে আব্দুর রাজ্জাক বুধবার দিনভর জমি থেকে ওই সরিষা কেটে রাস্তার পাশে পালা করে রেখে ইফতার করতে বাড়ি চলে যান। সকালে সেখানে গিয়ে সরিষার পরিবর্তে ছাইয়ের স্তুপ দেখতে পান। পূর্ব শত্রতার জেরে রাতের অন্ধকারে সরিষার পালায় আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
আব্দুর রাজ্জাকের বাবা মোজাফফর হোসেন জানান, পাশ্ববর্তী কিছু জমি নিয়ে জয়পুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে আলহাজ¦ আব্দুর রাজ্জাক, মৃত ছহির উদ্দীনের ছেলে মজিবর রহমান, বেলাল ডাক্তারের ছেলে আবু রায়হান ও জয়পুর পীরপুকুর গ্রামের তাছের উদ্দীনের ছেলে কায়েমের বিরোধ চলে আসছে। বিভিন্ন সময় তারা আব্দুর রাজ্জাকের ক্ষতি করবে বলে হুমকি-ধমকি দিয়ে আসছিল। এরই জেরে সরিষার পালায় আগুন ধরিয়ে তারা এ ক্ষতি সাধন করতে পারে ধারণা করছেন তিনি।
এ বিষয়ে আলহাজ¦ আব্দুর রাজ্জাক জমি-জমা সংক্রান্ত বিরোধের বিষয়টি স্বীকার করে বলেন, আদালতের নির্দেশে জমিগুলো তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন। তবে সরিষার পালায় আগুন দেয়ার বিষয়ে তিনি কিছু জানেন না।
মহাদেবপুর থানার ওসি (তদন্ত) মো. রহিম বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইএফ/

