
রাজশাহী মহানগরীর ৪টি পরীক্ষা কেন্দ্রে আগামীকাল শুক্রবার ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নিয়ন্ত্রণাধীন বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিবির্ঘ্নে সম্পন্নের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কর্তৃক কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গতকাল আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (মতিহার) ও অতিরিক্ত ডিআইজি সুপারনিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. আল মামুন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী কলেজ ও রাজশাহী গভ. মহিলা কলেজে শনিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা উপলক্ষ্যে আগামীকাল শুক্রবার পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উক্ত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইএফ/

