উত্তরা প্রতিদিন
ঢাকা

আ.লীগ নেতারা জামিন পেলে অন্য মামলায় গ্রেপ্তারের নির্দেশ রাজশাহী রেঞ্জ ডিআইজি’র

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ণ
আ.লীগ নেতারা জামিন পেলে অন্য মামলায় গ্রেপ্তারের নির্দেশ রাজশাহী রেঞ্জ ডিআইজি’র
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান - উত্তরা প্রতিদিন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা আদালত থেকে জামিন পেলে তাদের পুনরায় অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। গতকাল মঙ্গলবার তার স্বাক্ষরিত এক চিঠিতে রেঞ্জাধীন আট জেলার পুলিশ সুপারদের (ডিএসবি) এ নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়েছে। ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, 'পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আদিষ্ট হয়ে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।' এরপর দুই দফা নির্দেশনা দেওয়া হয়। প্রথম নির্দেশনায় বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত ‘ফ্যাসিস্ট’ সংগঠনের যেসব নেতা বা কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী ও সংগঠিত করতে সক্ষম এবং মাঠপর্যায়ে রাজনৈতিক তৎপরতা প্রদর্শনের সামর্থ্য রাখেন, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শোন অ্যারেস্ট) হবে। তবে যারা এ ধরনের সাংগঠনিক সক্ষমতা বা সক্রিয়তার বৈশিষ্ট্য বহন করেন না, তাদের ক্ষেত্রে জামিনের পর আপাতত পুনরায় গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানোর প্রয়োজন নেই। দ্বিতীয় নির্দেশনায় বলা হয়েছে, ভিআইপি প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, এ বিষয়ে পূর্বেও গ্রুপ মেসেজের মাধ্যমে সংশ্লিষ্ট পুলিশ সুপারদের অবহিত করা হয়েছিল। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুসরণীয় হিসেবে উল্লেখ করে তা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহী রেঞ্জের আওতায় থাকা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট—এই আট জেলার পুলিশ সুপারদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, চিঠিটি সঠিক। তবে এর ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এটি একটি বার্তা। আমরা মূলত আমাদের গোয়েন্দা এসবিকে নির্দেশনা দিয়েছি। তবে এটি মাঠ পর্যায়ে বাস্তাবায়ন হবে কী না সেটি বলা হয়নি। এটি আমরা পর্যবেক্ষণের জন্য করেছি। জনগণের জানমালের নিরাপত্তার জন্য বা মবের বিরুদ্ধে আগাম তথ্য দিয়ে রেখেছি। যাতে করে পুলিশ সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারে।

Read more — উত্তরাঞ্চল
Home