উত্তরা প্রতিদিন
ঢাকা

সম্মাননা পেলেন রাজশাহী বিভাগের ৫ অদম্য নারী

উত্তরা প্রতিবেদক ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ণ
সম্মাননা পেলেন রাজশাহী বিভাগের ৫ অদম্য নারী

 রাজশাহী ব্যুরো সমাজে নানা প্রতিকূলতা, বৈষম্য ও চ্যালেঞ্জ অতিক্রম করে অদম্য সাহস ও কর্মদক্ষতার জন্য রাজশাহী বিভাগে সংগ্রামী পাঁচজন নারী ‘অদম্য নারী’ পুরস্কার পেয়েছেন। আজ বুধবার সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এই পাঁচ নারীকে পুরস্কার তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। পুরস্কারপ্রাপ্তরা হলেন- শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে শেরপুর উপজেলার রিজু তামান্না; সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরিতে শিবগঞ্জ উপজেলার সুমাইয়া ইসলাম; বিভাগীয় পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে পাবনা সদর উপজেলার মোছা. লতা খাতুন; সফল জননী নারী ক্যাটাগরিতে মোহনপুর উপজেলার রাশেদা বেগম; এবং নির্যাতনের বিভীষিকা কাটিয়ে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ক্যাটাগরিতে চারঘাট উপজেলার রাজিয়া খাতুন। জানা যায়, পাঁচটি ক্যাটাগরিতে শুরুতে ৪০ জন নারীকে ‘অদম্য নারী’ হিসেবে সম্মাননা প্রদান করা হয়। বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণকারী ৪০ জনের মধ্য থেকে ১০ জনকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং তাদের মধ্য থেকে এই পাঁচজনকে বিভাগীয় সেরা ‘অদম্য নারী’ ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, 'নারীরা আজ শুধু পরিবার নয়, রাষ্ট্র ও সমাজ গঠনের অন্যতম চালিকাশক্তি। প্রতিকূলতা পেরিয়ে যারা এগিয়ে চলেছেন, তাদের স্বীকৃতি দেওয়া মানে পুরো সমাজকে এগিয়ে নেওয়া। অদম্য নারীদের এই সম্মাননা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।' তিনি আরও বলেন, বিভাগের ৪০ জন অংশগ্রহণকারী নারীর জীবনসংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে ডকুমেন্টেশন ও প্রচার-প্রচারণার উদ্যোগ নেওয়া যেতে পারে। নারীর শিক্ষা, অর্থনৈতিক সক্ষমতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মনোনীত রিজু তামান্না বলেন, নারীরা সুযোগ পেলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরিতে চূড়ান্ত হওয়া সুমাইয়া ইসলাম বলেন, নারীরা ধ্বংসের দ্বারপ্রান্ত থেকেও ঘুরে দাঁড়াতে পারে। সমাজের উন্নয়নে কিছু করে যেতে চাই—এই বিশ্বাস থেকেই কাজ করে যাচ্ছি। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আফিয়া আখতার এবং উপ-পুলিশ কমিশনার মো. রিয়াজুল ইসলাম।

Read more — উত্তরাঞ্চল
Home