উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ণ
রাজশাহীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

 রাজশাহী ব্যুরো রাজশাহী নগরীতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সাব্বির (২১) নামে এক যুবক খুন হয়েছেন। আজ বুধবার দুপুর দেড়টার দিকে নিজ বাড়ির সামনেই তাকে হত্যার ঘটনা ঘটে। নিহত মো. সাব্বির নগরের শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়া এলাকার বাসিন্দা শাহিন ইসলামের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একই মহল্লার আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) সাব্বিরকে ছুরিকাঘাত করেন। স্থানীয়দের অভিযোগ, জাসন মাদকাসক্ত এবং গত এক সপ্তাহ ধরে এলাকায় তার উৎপাত বেড়ে গিয়েছিল। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। নিহত সাব্বির তার বাবার খাবারের হোটেলে কাজ করতেন। ছুরিকাঘাতের পর তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল এবং হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্থানীয়রা জানান, অভিযুক্ত জাসনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি সাব্বিরের বাবা শাহিন ইসলামের কাছে বিক্রি করেন। জমি বিক্রিকে কেন্দ্র করে জাসন ক্ষুব্ধ ছিলেন। মঙ্গলবার তিনি শাহিন ইসলামকে মারধর করেন বলেও অভিযোগ রয়েছে। এর জের ধরে বুধবার দুপুরে বাড়ির সামনে সাব্বিরকে পেয়ে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান জাসন। শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, মরদেহ হাসপাতালে নেওয়ার পর আমরা খবর পাই। এর আগেই অভিযুক্ত জাসন পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Read more — উত্তরাঞ্চল
Home