
নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়ীয়া এলাকায় আওয়ামী লীগের সঙ্গে সখ্যতার অভিযোগে দুই গ্রুপে সংঘর্ষে ৪জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে নলডাঙ্গা উপজেলার ছাতারভাগ গ্রামে বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
জানাগেছে, সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়ীয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বিএনপির সভাপতি আলাউলের সঙ্গে আওয়ামী লীগের নেতা মফিজের সখ্যতা রয়েছে এমন অভিযোগ ওঠে। সভাপতি আলাউলের প্রতিপক্ষদের দাবি, তিনি নিয়মিত মফিজের বাড়িতে যাতায়াত করেন। এমন আলোচনা চলতে থাকলে বিএনপি নেতা মামুন ও আলাউল অনুসারীদের সাথে তার বাগ্বিতণ্ডা শুরু হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ওই বাগ্বিতণ্ডা মারামারিতে রূপ নেয়। এ সময় উভয় পরিবারের সদস্যরাও সংঘর্ষে জড়িয়ে পড়লে চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আহত মাহবুব ও জামানকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
অপরদিকে সোমবার রাতে নলডাঙ্গা উপজেলার ছাতারভাগ গ্রামে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালায়। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিল ও অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।
ব্রহ্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিবের দাবি, আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম বাচ্চু, মোকলেসুর রহমান ও কাসেমসহ কয়েকজন হামলা ও ভাঙচুর করে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

