উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে আগুনে পুড়ল চাষির দুই বিঘা পানের বরজ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৬ অপরাহ্ণ
রাজশাহীতে আগুনে পুড়ল চাষির দুই বিঘা পানের বরজ

রাজশাহী দুর্গাপুর উপজেলায় দুটি পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চাষির প্রায় দুই বিঘা জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পান বরজে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের বাগমারা বিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি বরজের পান পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় এলাকার মসজিদে এশার নামাজ শেষে তারাবির নামাজও শেষ পর্যায়ে। এসময় স্থানীয় লোকজনের আগুন- আগুন আর্তচিৎকারে সবাই এসে দেখে পানের বরজে আগুন জ্বলছে। এতে যে যার মতো করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে তারা ফিরে যায়। এ আগুনে উপজেলার রসুলপুর এলাকার নজরুল ইসলামের এক বিঘা ও পারিলা গ্রামের গোলাম নবী ১৮ কাঠা জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়।

 

এই দুই পান চাষির দাবি- তাদের প্রায় সাত লাখ টাকা ক্ষতি হয়েছে। তারা আগামী ঈদের কেনা কাটা ছাড়াও চৈত্র মাসে ভালো দামের আসায় পানগুলো রেখেছিলেন। কিন্তু তাদের চোখের সামনে পানগুলো পুড়ে ছাই হয়ে গেল।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের ডিউটিরত ফায়ারকর্মী মোহাম্মদ আলী বলেন, আগুন নিভে যাওয়ার খবরে আমরা রাস্তা থেকে ফিরে আসি।

দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এখনও বলা যাচ্ছে না-কিভাবে আগুন লেগেছে পানের বরজে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

 

Read more — উত্তরাঞ্চল
Home