
আরএমসি ()
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতির কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ক্যাম্পাসে পুনরায় চালু হয়েছে মানবিক সেবামূলক প্রতিষ্ঠান সন্ধানী এবং মেডিসিন ক্লাব। গতকাল সোমবার কলেজ প্রশাসন ক্লাব দুটির বর্তমান বৈধ কমিটিকে কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করে তালা খুলে দেয়।
জানা যায়, ক্যাম্পাসে অস্থিরতার জেরে ক্লাব দুটির কার্যক্রম স্থবির হয়ে পড়ায় বিপাকে পড়েছিলেন হাসপাতালে আসা শত শত অসহায় রোগী। বিশেষ করে বিনামূল্যে রক্ত সংগ্রহ, গরীব রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান এবং স্বল্পমূল্যে ভ্যাকসিন দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো বন্ধ থাকায় দরিদ্র রোগীরা চরম ভোগান্তিতে ছিলেন। এমনকি অনেককে বাধ্য হয়ে চড়া দামে রক্ত কিনতে হচ্ছিল। ক্লাবগুলো খুলে দেওয়ায় সাধারণ রোগীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
কলেজ প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাবগুলো তাদের নিয়মিত কার্যক্রম শুরু করেছে। সন্ধানী ক্লাবের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন পলাশ কুমার এবং যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন মেহেদী হাসান। মেডিসিন ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন মাহমুদুর হাসান এবং সেক্রেটারি হিসেবে থাকছেন আহমেদ শাফি শরীফ।
এদিকে বন্ধ থাকা ক্লাবগুলো পুনরায় বৈধ কমিটির হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রাজশাহী মেডিকেল শাখা কলেজ ছাত্রদল। ক্লাবগুলো খুলে দেওয়ার সময় কলেজ ছাত্রদলের সভাপতি ডা. আমরী মীম ও সেক্রেটারি ডা. রিমন আলী উপস্থিত ছিলেন। তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় রাখতে রামেক ছাত্রদল বদ্ধপরিকর। আমরা আশা করি, এই সেবামূলক প্রতিষ্ঠানগুলো এখন থেকে আরও গতিশীলভাবে তাদের জনসেবামূলক কাজ চালিয়ে যাবে।

