
নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসির) উদ্যোগে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি নাটোরের নির্বাহী প্রকৌশলী মো সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রোকনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কে.এম. রাফিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা ও সোনালী ব্যাংক গুরুদাসপুর শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান রাসেলসহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএডিসির সহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমান।
প্রশিক্ষণে আধুনিক কৃষি প্রযুক্তি, সাশ্রয়ী সেচ ব্যবস্থাপনা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা জানান, মোট ৩০টি ব্যাচে পর্যায়ক্রমে ১ হাজার ২০০ জন কৃষককে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় কৃষকরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে আরও লাভবান হতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
ইএফ/

