উত্তরা প্রতিদিন
ঢাকা

সরকারি দপ্তরপ্রধানদের সাথে মতবিনিময় সভা করেছেন নূরুল ইসলাম বুলবুল

উত্তরা প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১২ অপরাহ্ণ
সরকারি দপ্তরপ্রধানদের সাথে মতবিনিময় সভা করেছেন নূরুল ইসলাম বুলবুল
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল - উত্তরা প্রতিদিন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সরকারি সকল দপ্তরপ্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর উপজেলা পর্যায়ের দপ্তরপ্রধানদের সাথে এটাই তার প্রথম সভা।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় নূরুল ইসলাম বুলবুল বলেন, সরকারের কোন সেক্টরে কী সেবা পাওয়া যায় তা অধিকাংশ মানুষই জানে না। ফলে তারা সঠিক সেবাটাও পায় না। সেই জায়গাটায় আমাদের কাজ করার আছে। তিনি বলেন, প্রত্যেকটি অফিস যেন জনগণের অফিস হয়। মনে রাখবেন, জনগণের যে প্রত্যাশা তা পূরণ করতে হবে। এজন্য সেবা প্রাপ্তির পথ সহজীকরণ করতে হবে। স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। সরকারের যেসব সুযোগ-সুবিধাগুলো আছে তা যৌক্তিক জায়গায় প্রয়োজনীয় জায়গায় আমাদের পৌঁছে দিতে হবে।

নূরুল ইসলাম বুলবুল বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে আমার একটি কমিটমেন্ট ছিল। তা হচ্ছে দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত, মানবিক নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলব। এই কমিটমেন্ট বাস্তবায়নে আপনাদের সহযোগিতা চাই। 

তিনি আরো বলেন, আপনাদের যেসব সমস্যা আছে আমি তা শুনব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমাদের সীমিত সামর্থ্য দিয়েই এই চাঁপাইনবাবগঞ্জকে একটি আধুনিক চাঁপাইনবাবগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে কী ধরনের প্রকল্প গ্রহণ করা যায়, সে ব্যাপারে আপনারা আমাকে সহযোগিতা করবেন।

একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরে নূরুল ইসলাম বুলবুল সাংবাদিকদের বলেন, আমি পৌরসভার সঙ্গেও মতবিনিময় করেছি এবং সমস্যাগুলো শুনেছি। আগামী দিনে সকলের সহযোগিতা নিয়ে কাজ করা হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। এসময় আরো উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম। সভায় সরকারি দপ্তরপ্রধানরা ছাড়াও জামায়াত নেতা সাবেক এমপি লতিফুর রহমান, সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমির আবুজার গিফারী ও সেক্রেটারি আবু বকরসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

ইএফ/

Read more — উত্তরাঞ্চল
Home