উত্তরা প্রতিদিন
ঢাকা

এমপিকে শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৯ অপরাহ্ণ
এমপিকে শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

 

রাজশাহী ব্যুরো

রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. আব্দুর রাজ্জাক নামে এক শিক্ষক নিহত হয়েছেন।

আজ রোববার দুপুর ১২টার দিকে পুঠিয়া ফায়ার সার্ভিস সংলগ্ন ঢাকা–রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আব্দুর রাজ্জাক পুঠিয়ার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি উপজেলার ধোপোপাড়া গ্রামের বাসিন্দা মৃত গোলাম রসুলের ছেলে।

জানা যায়, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বাসায় ফেরার পথে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই জানান, অধ্যাপক নজরুল ইসলাম এমপিকে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

সহকারী শিক্ষক গোলাম মোর্শেদ বলেন, অধ্যাপক নজরুল ইসলামকে ফুল দিয়ে বের হওয়ার কিছুক্ষণ পরই সড়ক দুর্ঘটনায় আব্দুর রাজ্জাকের মৃত্যুর খবর পাই।

একই প্রতিষ্ঠানের শিক্ষক ছবির উদ্দিন জানান, আমরা একসঙ্গে বের হয়েছিলাম। আব্দুর রাজ্জাক আগে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর দেখি তিনি ট্রাকচাপায় সড়কেই মারা গেলেন।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ পবা অঞ্চলের কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ পাওয়া যায়। মোটরসাইকেলটি কোন গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুঠিয়া ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Read more — উত্তরাঞ্চল
Home