
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান নাবিল গ্রুপ। প্রতিষ্ঠানটির জনপ্রিয় ব্র্যান্ড ‘ফুডলো’ এর বিশেষ বান্ডেল অফারে বড় ধরনের মূল্যছাড় ঘোষণা করা হয়েছে।
নাবিল গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে ফুডলো-এর ১৩০০ টাকা সমমূল্যের বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের একটি বান্ডেল অফার পাওয়া যাবে মাত্র ১০০০ টাকায়। অর্থাৎ, একটি বান্ডেল কিনলেই ভোক্তারা সরাসরি ৩০০ টাকা সাশ্রয় করতে পারবেন। এই অফারটি পুরো রমজান মাসজুড়ে চলমান থাকবে।
এ বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, "রমজান হলো সংযম, সহমর্মিতা ও দায়িত্ববোধের মাস। এই সময়ে অনেক মুনাফালোভী প্রতিষ্ঠান পণ্যের দাম বৃদ্ধি করলেও আমরা ভোক্তাদের সুবিধার কথা বিবেচনা করে বিশেষ ছাড়মূল্যে পণ্য সরবরাহের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্য শুধু ব্যবসায়িক সাফল্য নয়, বরং সামাজিক দায়বদ্ধতা পালন এবং সাধারণ মানুষের পাশে থাকা।"
এই বিশেষ সুবিধাটি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভিন্নধর্মী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নাবিল গ্রুপ জানিয়েছে, ফুডলো ব্র্যান্ডের ভ্রাম্যমাণ গাড়িতে করে রাজশাহী মহানগরী এবং এর আশপাশের শহরগুলোতে এই সাশ্রয়ী পণ্য সরবরাহ করা হবে। এর ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো ভিড় এড়িয়ে সহজে ও ন্যায্য মূল্যে তাদের প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন।
ইএফ/

