
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেছেন, বায়ান্নর ভাষা আন্দোলন ছিল নিজ ভাষায় কথা বলার অধিকার আদায়ের আপসহীন সংগ্রাম। একুশের মূল চেতনাই হলো অন্যায়ের কাছে মাথা নত না করা। সেই অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়েই ৩৬ জুলাইয়ের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এখন রাষ্ট্রকে নতুনভাবে গড়তে হলে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর দাওয়াতুল ইসলাম ট্রাস্ট মিলনায়তনে রাজশাহী মহানগরী জামায়াত আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আবু মোহাম্মদ সেলিম বলেন, তমুদ্দুন মজলিস ও ছাত্রদের অনড় আন্দোলনের মুখে তৎকালীন সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল। আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে, যা আমাদের ভাষা শহীদদের ত্যাগের বিশ্বজনীন স্বীকৃতি। তবে এই মর্যাদা ধরে রাখতে দেশের সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। বিজাতীয় শিক্ষা ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে মাতৃভাষাকে রক্ষা করতে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন আকর গ্রন্থ বাংলায় অনুবাদ করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
তিনি আরও যোগ করেন, সমাজকে পরিপূর্ণভাবে পরিবর্তন করতে হলে রাষ্ট্রীয় ক্ষমতা সৎ ও যোগ্য নেতৃত্বের হাতে তুলে দিতে হবে। তা না হলে মানুষের প্রকৃত কল্যাণ সম্ভব নয়।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল বলেন, যারা ইসলামী ধ্যান-ধারণা লালন করেন, তারাই ছিলেন ভাষা আন্দোলনের পুরোধা। কিন্তু দুর্ভাগ্যবশত আজ ইতিহাস বিকৃতির অপচেষ্টা চলছে। ভাষা আন্দোলনের সাথে যাদের কোনো সম্পর্ক ছিল না, তাদের সামনে আনা হচ্ছে। এই অপচেষ্টাকে দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে প্রতিহত করতে হবে।
রাজশাহী মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিমউদদীন সরকারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মহানগরী সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল ও শাহাদাৎ হোসাইন, মহানগরী যুব বিভাগের সেক্রেটারি মো: সালাউদ্দিন।
আলোচনা সভায় বক্তারা মহান ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশের মৌলিক সংস্কার ও গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করার শপথ নেন।
ইএফ/

