উত্তরা প্রতিদিন
ঢাকা

বিনম্র শ্রদ্ধায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

উত্তরা প্রতিবেদক ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ণ
বিনম্র শ্রদ্ধায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ - উত্তরা প্রতিদিন

 

যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। অমর একুশের প্রথম প্রহর থেকেই ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের পদচারণায়।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্লাজা চত্বর থেকে একটি বর্ণাঢ্য ‘প্রভাতফেরি’ বের করা হয়। প্রভাতফেরিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী শহিদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধানগণ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সমবেত সকলে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস স্মরণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন করে অঙ্গীকার ব্যক্ত করেন।

কর্মসূচির দ্বিতীয় পর্বে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় একুশভিত্তিক বিশেষ আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. শহীদুর রহমান, প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. শামীম আহমদ, ব্যবসা ও আইন অনুষদের ডীন ড. কানিজ হাবিবা আফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেসুর রহমান, রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ,পরীক্ষা নিয়ন্ত্রক পারমিতা জামান।

লামিয়া আক্তার ও মো. নাফিজ আহমেদের সঞ্চালনায় সভায় শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ইংরেজি বিভাগের এষা রহমান এবং সিএসই বিভাগের আব্দুল কাইয়ুম বক্তব্য প্রদান করেন।

উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা তার বক্তব্যে বলেন, “শহিদদের ত্যাগের কথা আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছে। তাদের আত্মদানই আমাদের ভাষা ও জাতীয় মর্যাদার ভিত্তি রচনা করেছে। আমাদের স্বাধীনতার মূল বীজ বপন করা হয়েছিল এই ভাষা আন্দোলনের মাধ্যমেই। তাই এই চেতনাকে কেবল দিবসের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের মননে ও কর্মে ধারণ করতে হবে।”

প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. শামীম আহমদ বলেন, “ভাষা ছাড়া কোনো সংস্কৃতি পূর্ণতা পায় না। ভাষাকে ধারণ করার মাধ্যমেই আমরা আমাদের ঐতিহ্যকে লালন করি। একুশ আমাদের অহংকার, একে হৃদয়ে ধারণ করতে হবে।”

আলোচনা সভায় বক্তারা বর্তমান প্রজন্মের প্রতি বাংলা ভাষার শুদ্ধ চর্চা, যথাযথ সংরক্ষণ এবং অপসংস্কৃতি রোধে আরও সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

 

ইএফ/

 

Read more — উত্তরাঞ্চল
Home