উত্তরা প্রতিদিন
ঢাকা

৭৪ বছর পর কেন্দ্রীয় শহীদ মিনার পেল রাজশাহীর মানুষ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ অপরাহ্ণ
৭৪ বছর পর কেন্দ্রীয় শহীদ মিনার পেল রাজশাহীর মানুষ

ভাষা আন্দোলনের প্রায় ৭৪ বছর পর কেন্দ্রীয় শহীদ মিনার পেল রাজশাহীর মানুষ। নগরীর রাজারহাতা এলাকায় জেলা পরিষদের প্রায় এক বিঘা জমির ওপর সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদদের স্মরণে এবার নবনির্মিত এই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন সব শ্রেণি-পেশার মানুষ।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু শুক্রবার রাত ১২টা এক মিনিটে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করেন। এরপর সবার জন্য শহীদ মিনার উন্মুক্ত করা হয়। শুক্রবার দিনভর রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধনের প্রস্তুতি ছিল রাজশাহী জেলা পরিষদের।

জানা গেছে, বহু বছর ধরে কেন্দ্রীয় শহীদ মিনারের দাবিতে আন্দোলন করে আসছিলেন রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক সংগঠন ছাড়াও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এ দাবির পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ১৬ ডিসেম্বর রাজশাহী জেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণকাজের উদ্বোধন করেন।

জেলা পরিষদের মালিকানাধীন সরকারি সার্ভে ইনস্টিটিউটটি নগরীর বাইরে নওদাপাড়ায় স্থানান্তর হলে প্রায় এক বিঘা জায়গা খালি হয়। এই খালি জায়গা বরাদ্দ পায় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার। এদিকে জেলা পরিষদ ও রাজশাহী সিটি করপোরেশন দুই প্রতিষ্ঠানের টানাটানির কারণে শহীদ মিনারের নির্মাণকাজ বিলম্বিত হয়। পরে জেলা পরিষদের অর্থায়নেই এর নির্মাণকাজ শেষ হয়।

 

Read more — উত্তরাঞ্চল
Home